এক যুগ পেরিয়ে ১৩তম বর্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্স


ঢাকাঃ দেশের অন্যতম বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স সফলতার সঙ্গে ১২ বছর পূর্ণ করে ১৩তম বর্ষে পদার্পণ করেছে। ২০১৪ সালের ১৭ জুলাই ঢাকা-যশোর রুটে ড্যাশ-৮ কিউ৪০০ উড়োজাহাজ দিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি বর্তমানে ২৫টি উড়োজাহাজের বহর নিয়ে দেশি-বিদেশি ২০টি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
শুক্রবার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, বর্তমানে তাদের বহরে রয়েছে ৩টি এয়ারবাস এ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৫টি উড়োজাহাজ। যাত্রা শুরুর পর থেকে সংস্থাটি ৯০ শতাংশের বেশি অন-টাইম ফ্লাইট পরিচালনার ধারাবাহিকতা বজায় রেখেছে।
বর্তমানে দেশের পাঁচটি অভ্যন্তরীণ গন্তব্যের পাশাপাশি ভারত, নেপাল, মালদ্বীপ, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও চীনের বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৭ সালের মধ্যে বহরে আরও ২১টি বোয়িং উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে কাঠমান্ডু রুটে পুনরায় ফ্লাইট চালুর পাশাপাশি কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম, কলম্বো, জহুর বারু, পেনাং ও হংকংয়ে নতুন ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে লন্ডন, রোম, নিউইয়র্ক, টরন্টো ও সিডনিতেও ফ্লাইট পরিচালনার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।
ইউএস-বাংলা জানায়, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা চার বছর তারা ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’ পুরস্কার অর্জন করেছে। বর্তমানে দেশে-বিদেশে প্রায় চার হাজার কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। যাত্রী পরিবহনের পাশাপাশি কার্গো সেবাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সংস্থাটি।
এক যুগপূর্তি উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন বলেন, আধুনিক উড়োজাহাজ, নিরাপদ পরিচালনা এবং উন্নত সেবার মাধ্যমে যাত্রীদের সর্বোচ্চ মানের ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
তিনি প্রতিষ্ঠানের এই অগ্রযাত্রায় যাত্রী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্ট, বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ, করপোরেট প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।










